উগ্র জাতীয়তাবাদীদের উত্থান আজ বিশ্বের জন্য এক মারাত্মক হুমকি। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত তারই প্রমাণ। এই যুদ্ধটি আসলে তাদের রাষ্ট্রীয় নেতৃবৃন্দ বা সেনাবাহিনীর সুপরিকল্পিত কোন সিদ্ধান্ত ছিল না, এটি মূলত উগ্র জাতীয়তাবাদীদের অন্ধ উন্মাদনার প্রতিফলন। জনসমর্থন আদায় এবং উগ্র জাতীয়তাবাদীদের তৃষ্ণা মেটানোর জন্যই মোদি সরকার পাকিস্তানের ওপর মিসাইল হামলা চালিয়েছে। এটি মূলত এক ধরনের "পাবলিক ডিমান্ড" পূরণের নাটক ছাড়া আর কিছুই নয়। আপনি যদি মনে করেন পেহেলগ্রামের ঘটনার প্রতিশোধ নিতে এই হামলা হয়েছে, তাহলে তা নিতান্তই অজুহাত। প্রতিশোধের মানসিকতা থাকলে ভারত বহু আগেই প্রতিক্রিয়া দেখাত। বাস্তবতা হলো, সাম্প্রতিক এই যুদ্ধ ছিল উগ্র জাতীয়তাবাদীদের খুশি করার একটি রাজনৈতিক খেলা।
ভারত-পাকিস্তানের মধ্যে যেকোনো সংঘাত বা যুদ্ধ হলে আপনাকে বুঝতে হবে, এটি মূলত উগ্র জাতীয়তাবাদীদের উস্কানির ফল। এই জাতীয়তাবাদীরা এতটাই সংকীর্ণমনা এবং ঘৃণায় পূর্ণ যে, এদের চিন্তা-চেতনা খুবই ভেনমাস। এদের মনুষ্যত্ব নেই, আছে শুধু অন্ধ ঘৃণা আর যুদ্ধের পিপাসা। আন্তর্জাতিক শান্তির জন্য এরা এক মূর্তিমান বিপদ। পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা করতে হলে, এই উগ্র জাতীয়তাবাদী এবং জিঙ্গোইস্টদের রুখে দিতে হবে, কোনোভাবেই এদের বিষাক্ত চিন্তা ছড়াতে দেওয়া যাবে না।
এই উগ্র জাতীয়তাবাদীরা সবসময় দেশপ্রেমের ভণ্ডামি দেখিয়ে আপনাকে বুঝাতে চায় যে তাদের দেশপ্রেমের উন্মাদনা যেন আকাশ ছুঁয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, অতি দেশপ্রেম আসলে একটি মানসিক বিকৃতি। একটি দেশের সুষ্ঠু পরিচালনা এবং উন্নতির জন্য কোনো উগ্র দেশপ্রেমের প্রয়োজন নেই। দেশপ্রেম আসলে একটি অযথা এবং অতিরিক্ত আবেগ, যা সমাজে বিভাজন, বিভক্তি, এবং বিদ্বেষ ছড়ায়।
দেশকে এগিয়ে নিতে প্রয়োজন সুনাগরিক গড়ে তোলা, অন্ধ দেশপ্রেমিক নয়। যারা নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করে, বাস্তবে তারাই সমাজে বিভেদ ও ঘৃণার বীজ বপন করে। এই ভণ্ড দেশপ্রেমিকদের আসলে দরকার নেই। আমাদের দরকার নাগরিক দায়িত্ববোধ নিয়ে কাজ করা, একটি সচেতন, দায়িত্বশীল সমাজ গড়ে তোলা। আমাদের নতুন প্রজন্ম এবং শিক্ষার্থীদের শেখাতে হবে কীভাবে একজন ভালো নাগরিক হওয়া যায়, কীভাবে সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হয়। "দেশপ্রেম" নামের অপ্রয়োজনীয় নাটক শেখানোর চেয়ে তাদের শেখানো উচিত নাগরিক অধিকার, মানবতাবোধ, এবং সামাজিক দায়িত্ব এবং নাগরিক দায়িত্ববোধ । এই ভ্রান্ত দেশপ্রেমের আবেগকে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে, এটা শুধু সমাজে বিষ ছড়ায়, উন্নতি নয়।
No comments:
Post a Comment