রাজনীতি মূলত রাষ্ট্রের রাজনৈতিক পরিসরেই মানায়। প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের রাজনৈতিক চর্চার পরিসর কতটুকু? রাষ্ট্রীয় রাজনৈতিক চর্চার পরিসর রাষ্ট্রের রাজধানী পর্যন্তই, এর বাইরে বিভাগীয় শহর অথবা জেলা শহর পর্যন্ত। সুতরাং রাজনৈতিক দলসমূহের কার্যক্রম এবং রাজনীতির চর্চা রাষ্ট্রের রাজধানী শহর কিবা সর্বোচ্চ জেলা-উপজেলা শহর পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত। রাজনীতিকে গ্রাম পর্যায়ে টেনে নিয়ে আসা একটি গ্রামের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার জন্য যথেষ্ট। আমার দৃঢ় বিশ্বাস, রাজনৈতিক দলসমূহের উচিত তাদের কমিটি গ্রাম পর্যন্ত সম্প্রসারিত না করা বাংলাদেশের জন্যই উপকারী ।
রাজনৈতিক দল অনেকটা ভাইরাসের মতো সমাজে ঘৃণা, হিংসা, এবং সহিংসতার বিষবাষ্প ছড়ায়। এরা কখনোই সামাজিকীকরণের জন্য আদর্শ উদাহরণ হতে পারে না এবং সমাজের সংহতি বা সম্প্রীতি বজায় রাখতে কোনো সহায়তাও করে না। বাংলাদেশের সামাজিক পরিসরে ঘৃণা, সহিংসতা, এবং দ্বন্দ্বের অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক দলসমূহের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা লক্ষ্য করা যায়।
প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা-ভাবনা এবং আদর্শিক মানদণ্ড রয়েছে, যা প্রায়ই অন্য দলগুলোর সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ কখনোই শান্তি নিশ্চিত করতে পারেনি। গত ৫৩ বছরের ইতিহাসে রাজনৈতিক স্থিতিশীলতার নজির প্রায় অনুপস্থিত। রাজনৈতিক দলসমূহের সহাবস্থানের দৃষ্টান্ত আমাদের সমাজে দেখা যায় না।
তাই রাজনৈতিক দলসমূহের প্রতি অনুরোধ, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও কমিটি যেন জেলা ও উপজেলা শহর পর্যন্তই সীমাবদ্ধ থাকে। গ্রাম পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গ্রামের মানুষের শান্তি নষ্ট করবেন না। গ্রামের মানুষকে তাদের স্বাভাবিক জীবনযাপনে শান্তিতে থাকতে দিন।

No comments:
Post a Comment