সংবিধান: কোনো সীমানা নয়, পরিবর্তনের ধারায় এক চলমান সত্তা

 সংবিধান কোনো পবিত্র বস্তু নয়, এটি আমাদেরই তৈরি একটি বিধান। "পবিত্রতা"র অজুহাতে সংবিধানকে অপরিবর্তনীয় বা অচল করে রাখা পুরোপুরি অবান্তর। সংবিধানের এই ধারায় হাত দেওয়া যাবে না, ওই ধারায় সংশোধন করা যাবে না—এই ধরনের চিন্তাভাবনাকে আমি একেবারেই বাচ্চামি মনে করি। সংবিধান যুগের চাহিদা ও জনমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে চলার জন্য অবশ্যই সুপরিবর্তনীয় হতে হবে। এটিকে বারবার সংশোধন ও পুনর্লিখন করা যেতে পারে। সংবিধানকে ধর্মীয় গ্রন্থের মতো অলঙ্ঘনীয় করে তোলা কখনোই সঠিক নয়। ধর্মীয় বিধান এক জিনিস, আর সংবিধান সম্পূর্ণ ভিন্ন। সংবিধানকে ধর্মীয় গ্রন্থের মতো পবিত্র ভাবা এবং সেভাবে আচরণ করা অনুচিত। সংবিধান পবিত্র নয়, এটি কেবল বিধানের সমষ্টি, যা দেশের অন্যান্য আইন একে অনুসরণ করবে। যদি সংবিধানের মাধ্যমে কারো চিন্তা, চেতনা, রাজনৈতিক মতবাদ বা আদর্শকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, তবে তা অত্যন্ত হাস্যকর হয়ে দাঁড়ায়। এই একবিংশ শতাব্দীতে এসেও যদি সংবিধান বইলা দেয় গোটা দেশের মানুষ কোন তন্ত্র, কোন মতবাদ বিশ্বাস করবে এর চেয়ে কোন বড় কৌতুক আর হতে পারে না। 

"সংবিধানকে মাথায় তুলে রাখতে হবে," "সংবিধানকে পবিত্র মানতে হবে," বা "সংবিধান এমন উচ্চতায় নিতে হবে যেখানে মানুষ একে সিজদা করবে"—এ ধরনের প্রতারণামূলক ধারণাগুলোর মূল কারণ হলো চরমপন্থী জাতীয়তাবাদী, অতি বামপন্থী, আল্ট্রা সেকুলার, গোঁড়া-মৌলবাদী  অন্ধ দেশপ্রেমিকদের চরমপন্থা। তারা সংবিধানকে এমন এক উচ্চতায় তুলে ধরে, যেন এটি কোনো পবিত্র বস্তু। কিন্তু বাস্তবতা হলো, সংবিধান তো কেবল একটি আইনগত দলিল, যার কাজ মানুষের অধিকার ও স্বাধীনতাকে সুরক্ষিত রাখা, কোনো পবিত্র আদর্শ হওয়া নয়।

সংবিধানকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে এটি জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এবং তাদের স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে সক্ষম হয়। সংবিধানের মূল উদ্দেশ্য দেশকে রক্ষা করা নয়, বরং নাগরিকদের সরকারের অব্যবস্থাপনা, শোষণ, এবং অত্যাচারের হাত থেকে সুরক্ষা দেওয়া। সংবিধান কোনো সরকারের স্বার্থে তৈরি নয়, এটি জনগণের জন্য তৈরি। তাই সংবিধানের মাধ্যমে কেবল নাগরিকদের অধিকার রক্ষা করতে হবে, শাসকদের নয়।

No comments:

Post a Comment

প্রশান্তি কী ?

প্রশান্তি কী? প্রশান্তি হলো প্রকৃতির সাথে নিঃশব্দে লেপ্টে থাকা, কিছু সময়ের জন্য সব চিন্তা, সব কোলাহল থেকে নিজেকে সরিয়ে নেওয়া। সেই সাথে আপ...